ইসলামে শ্রমিকের অনন্য মর্যাদা কুরআন-হাদিসে স্পষ্ট নির্দেশনা
ইসলাম মানবতার ধর্ম। এখানে শ্রমিক ও মালিকের সম্পর্ককে ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে শ্রমিকের অধিকার, মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
পৃথিবীর শুরু থেকেই জীবিকার প্রয়োজনে কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। কেউ মালিক, কেউ শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বাস্তবতায় দেখা যায়, অনেক ক্ষেত্রে শ্রমিকরা অবহেলিত হন এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। ইসলাম এই বৈষম্য দূর করে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।
ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ। মানুষ কেবল তার প্রতিনিধি ও তত্ত্বাবধায়ক। তাই মালিক ও শ্রমিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ, পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে গড়ে ওঠা।
পবিত্র কুরআনে শ্রমের প্রতি উৎসাহ দিয়ে বলা হয়েছে—
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوۃُ فَانۡتَشِرُوۡا فِی الۡاَرۡضِ وَ ابۡتَغُوۡا مِنۡ فَضۡلِ اللّٰهِ وَ اذۡكُرُوا اللّٰهَ كَثِیۡرًا لَّعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ
অর্থ: “নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো; আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।”
(সুরা জুমুআহ: ১০)
ইসলাম শ্রেণি-বৈষম্য দূর করে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে। তবে এটি মালিক বা উদ্যোক্তার বৈধ মর্যাদা অস্বীকার করে না; বরং উভয়ের মাঝে ন্যায় ও দায়িত্ববোধ জাগ্রত করে।
আল্লাহ তাআলা বলেন—
وَ اللّٰهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلٰی بَعۡضٍ فِی الرِّزۡقِ...
অর্থ: “আল্লাহ তোমাদের কারো ওপর কারো জীবিকা ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন…”
(সুরা নাহল: ৭১)
রাসুলুল্লাহ ﷺ শ্রমিকদের প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়ে বলেন—
“তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। সুতরাং তোমরা যা খাও, তাদেরও তা খাওয়াও; যা পরিধান করো, তাদেরও তা পরিধান করাও। তাদের ওপর সামর্থ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দিও না; আর যদি দাও, তবে তাদের সাহায্য করো।”
(সহিহ বুখারি: ৫৬১৭)
শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদানের ব্যাপারেও ইসলাম অত্যন্ত কঠোর। নবীজি ﷺ বলেন—
“শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করে দাও।”
(ইবনে মাজাহ)
এছাড়া শ্রমিককে ঠকানোকে গুরুতর অন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নবীজি ﷺ সতর্ক করে বলেছেন—
“যে জাতির দুর্বলরা জোর ছাড়া তাদের অধিকার আদায় করতে পারে না, সেই জাতি কখনো সফল হতে পারে না।”
(ইবনে মাজাহ)
ইসলামে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ। এখানে শ্রমিক ও মালিকের সম্পর্ককে শোষণ নয়, বরং ন্যায়, দয়া ও ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকের অধিকার নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ।
লগইন
ইসলামে শ্রমিকের অনন্য মর্যাদা কুরআন-হাদিসে স্পষ্ট নির্দেশনা | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!