হামসহ সংক্রামক রোগ থেকে বাঁচার দোয়া, হাদিসে নির্দেশনা
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে সংক্রামক রোগ থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি দোয়ার গুরুত্ব তুলে ধরেছেন আলেমরা। ইসলাম শুধু চিকিৎসাই নয়, বরং রোগ থেকে মুক্তির জন্য দোয়া ও আমলের দিকনির্দেশনাও দিয়েছে।
দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সারাদেশে ৭৬৪ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ৯ মাসের নিচে, যা উদ্বেগজনক।
স্বাস্থ্যঝুঁকির এই পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি ইসলামি আমলের দিকেও গুরুত্বারোপ করা হয়েছে। ইসলাম রোগকে শুধু কষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও রহমতের দরজা হিসেবে বিবেচনা করে। তাই রোগের সময় ধৈর্য ধারণ, চিকিৎসা গ্রহণ এবং আল্লাহর কাছে দোয়া করার ওপর জোর দেওয়া হয়েছে।
হাদিসে বর্ণিত হয়েছে, কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে নির্দিষ্ট একটি দোয়া পড়লে আল্লাহ সেই ব্যাধি থেকে হেফাজত করেন।
দোয়া:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً
উচ্চারণ:
আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা
অর্থ:
সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে যে রোগে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার বহু সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দিয়েছেন।
(তিরমিজি: ৩৪৩২)
এছাড়া সুস্থতা লাভের জন্য রাসুলুল্লাহ (সা.) নিয়মিত একটি দোয়া পড়তেন—
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي
অর্থ:
হে আল্লাহ! আমার শরীর, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন।
(সুনানে আবু দাউদ: ৫০৯০)
আরেকটি দোয়ায় নবীজি (সা.) কঠিন ও মারাত্মক রোগ থেকে আশ্রয় প্রার্থনা করতেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
অর্থ:
হে আল্লাহ! আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ ও সব খারাপ রোগ থেকে আপনার আশ্রয় চাই।
(আবু দাউদ, নাসায়ি)
কোরআনে হজরত আইয়ুব (আ.)-এর ঘটনাও উল্লেখ রয়েছে, যিনি কঠিন রোগে আক্রান্ত হয়েও আল্লাহর কাছে ধৈর্যসহকারে দোয়া করেছিলেন—
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে দুঃখ-কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।
(সুরা আম্বিয়া: ৮৩)
আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সুস্থতা দান করেন (সুরা আম্বিয়া: ৮৪)।
এছাড়া রাসুলুল্লাহ (সা.) মানুষকে সুস্থতার মূল্য বুঝতে বলেছেন। তিনি বলেন, রোগ আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। (আল-মুসতাদরাক)
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক রোগ প্রতিরোধে টিকা ও চিকিৎসা জরুরি হলেও দোয়া, তাওয়াক্কুল ও সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ।
লগইন
হাম ও অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!