চাঁদপুরের হাজীগঞ্জে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মুন্সি বাড়ির পাশের একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির হাত, পা ও মুখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল।
মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, এটি হত্যাকাণ্ড কি না তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
এদিকে নিজ এলাকায় এমন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তারা বলছেন, জনবহুল পৌর এলাকায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল ব্যবস্থা জোরদার করতে হবে।
লগইন
হাজীগঞ্জে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
মন্তব্য করার জন্য লগইন করুন!