মো রাব্বি ঢালী:
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান জেলার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। তিনি উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, চাঁদপুরের ঐতিহ্য রক্ষা এবং আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং ও জনদুর্ভোগ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানান জেলা প্রশাসক।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় চাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
শেষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চাঁদপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!