দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ডের লামচরী বৈরাগী পুল সংলগ্ন (খাঁন বাড়ি) এলাকায় জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু তাহের থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আবু তাহের দাবি করেন, তার ওয়ারিশী ও ক্রয়কৃত সম্পত্তির সীমানা অতিক্রম করে প্রতিপক্ষ নুর নবী, তার ছেলে রুবেল ও আছিয়া বেগম জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বসতঘরের পূর্ব ও পশ্চিম পাশের জমিতে গাছপালা কাটা ও জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।
তিনি আরও জানান, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি হলেও তা অমান্য করে প্রতিপক্ষ নির্মাণকাজ অব্যাহত রাখেন। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করেন বাদী।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) নুর নবী ও তার ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের ঘর ভাঙচুর করেন। এ ঘটনায় রায়পুর থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাদীর দাবি, তাকে মারধর করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।
অন্যদিকে, প্রতিপক্ষ নুর নবীর ছেলে রুবেল অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “৫ আগস্টের পর আবু তাহেরের নেতৃত্বে আমাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় আমরা তাদের ঘর ভেঙে দিয়েছি।”
পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!