ফারুক হাসান কাহার || শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১.০০ টায় ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্রহল, ছাত্রীহল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ সকাল ১০.৩০ মিনিটে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অর্জনে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্ম-উৎসর্গকারী সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, ভাষা আন্দোলনের চেতনার অভিঘাতই আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে এবং এই চেতনার শক্তিই আজও আমাদেরকে সকল অন্যায়-অবিচার-আগ্রাসনকে প্রতিহত করতে সদা সচেষ্ট রেখেছে। এই চেতনাকে সদা লালন করে আমাদেরকে আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রগামী হতে হবে।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।
লগইন
ছবি- প্রতিনিধি
মন্তব্য করার জন্য লগইন করুন!