চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় একটি মাজারকেন্দ্রিক মেলাকে ঘিরে মাদক বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।
রোববার (২৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মতলব উত্তর থানাধীন বেলতলী এলাকায় সোলেমান শাহ লেংটার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ থেকে চলতি বছরের মেলাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, উক্ত মেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের মধ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিস্তার ঘটে। পাশাপাশি অশ্লীলতা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার দেখা যায়, যা সমাজের জন্য হুমকিস্বরূপ।
জমিয়তের নেতারা আরও উল্লেখ করেন, এসব কার্যক্রমের কারণে তরুণ প্রজন্ম নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকাসক্তি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করা জরুরি বলেও তারা স্মারকলিপিতে তুলে ধরেন।
এ প্রেক্ষিতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মেলার নামে পরিচালিত অবৈধ ও অনৈতিক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতী সিরাজুল ইসলাম কাসেমী।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা কমিটির নেতা মাওলানা মাজহারুল, ইসলাম মাওলানা মাসুদ শীর্ষ নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!