চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কোনো কাজ নেই। চিকিৎসকরা নিজেদের জ্ঞান ও দক্ষতার ভিত্তিতেই রোগীদের প্রয়োজনীয় ওষুধ লিখবেন। তাই এখন থেকে হাসপাতালে এসব প্রতিনিধিদের প্রবেশ করতে দেওয়া হবে না।
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে এবং দায়িত্বকালীন সময়ে বাইরে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, হাসপাতালের সামনে কোনো দালাল বা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি যেন অবস্থান না করে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। গণমাধ্যমকর্মীদেরও এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দালালদের দেখলে ছবি তুলে পুলিশকে জানাতে হবে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।
চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জিএম শাহীন।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!