চাঁদপুরের ফরিদগঞ্জে ধানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার জমি থেকে পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে বিল্লাল হোসেনের মালিকানাধীন জমি থেকে অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। অভিযানের সময় তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়েছে এবং মাদক উৎপাদনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পুলিশ হেফাজতে বিল্লাল জানান, ইউটিউব দেখে তিনি গাঁজা চাষে আগ্রহী হন। নিজের জমির অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে এসব গাছ লাগিয়েছিলেন বলেও স্বীকার করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!